
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনে যারা স্বজন হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবার এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে।
তার ভাষ্য, আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
এ সময় শেখ হাসিনার উদ্দেশে কঠোর বক্তব্য দিয়ে তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন—কোনোটাই বাংলাদেশের মাটিতে হবে না।
সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল।
তার দাবি, এসব কার্ড তৈরির জন্য শুধু কার্ড প্রকল্পেই ২৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
সারজিস আলম বলেন, জনগণের কল্যাণের কথা বলে বিভিন্ন প্রকল্প নেওয়া হলেও অনেক ক্ষেত্রেই সেগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে।
ফ্যামিলি কার্ড প্রকল্পের ক্ষেত্রেও সরকার শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন করা সম্ভব নয় বলে বুঝতে পেরেছে বলে মন্তব্য করেন তিনি। এ কারণে বর্তমানে সরকার এ প্রকল্প নিয়ে তেমন কোনো আলোচনা করছে না বলেও দাবি করেন সারজিস।
তিনি বলেন, জনগণের অর্থ ব্যয় করে এমন কোনো প্রকল্প নেওয়া উচিত নয়, যার বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা থাকে। জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, এনসিপির নারী নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার