
অবশেষে শেষ হলো বিশ্বকাপের মহারণ। টানটান উত্তেজনায় ভরা ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলেই ইতিহাস গড়েছে লা রোজারা।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। লামিনে ইয়ামাল, দানি ওলমো ও নিকো উইলিয়ামসের আক্রমণে বারবার কেঁপে ওঠে আর্জেন্টিনার রক্ষণ। তবে এমিলিয়ানো মার্টিনেজের অসাধারণ গোলরক্ষণে দীর্ঘ সময় গোলশূন্য থাকে ম্যাচ।
প্রথমার্ধে আর্জেন্টিনা কার্যত ছন্দহীন ফুটবল খেলেছে। লক্ষ্যে একটি শটও নিতে পারেনি মেসিদের দল। অন্যদিকে স্পেন একের পর এক সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। স্পেনের অবিরাম আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিল আর্জেন্টিনার রক্ষণভাগ। ম্যাচের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় বর্তমান চ্যাম্পিয়নরা। স্প্যানিশ খেলোয়াড়কে বিপজ্জনক ট্যাকল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। ফলে অতিরিক্ত সময়ের পুরোটা খেলতে হয় ১০ জন নিয়ে।
নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে নিকো উইলিয়ামস বল জালে পাঠালেও ফাউলের কারণে সেই গোল বাতিল হয়। তবে ১০৬তম মিনিটে আর কোনো ভুল করেনি স্পেন। নিকো উইলিয়ামসের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল কাঁপান ফেরান তোরেস। সেই গোলেই এগিয়ে যায় স্পেন।

গোল হজমের পর শেষ মুহূর্ত পর্যন্ত সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় আর্জেন্টিনা। কিন্তু স্পেনের শক্ত রক্ষণ ভেদ করতে ব্যর্থ হন মেসিরা। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন স্প্যানিশ ফুটবলার ও সমর্থকেরা।
এই জয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি জিতল স্পেন। ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো তারা। অন্যদিকে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন ভেঙে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনাকে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার