
রাজধানীর বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকের ছদ্মবেশে নাশকতা চালানোর অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি তৈরি পোশাক খাতের শ্রমিকদের যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকরা সাধারণ পোশাকশ্রমিকের ছদ্মবেশে বিভিন্ন স্থানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও নাশকতা চালিয়ে আসছিল।
গোপন গোয়েন্দা তথ্য ও সুনির্দিষ্ট নজরদারির ভিত্তিতে সোমবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন সংবেদনশীল ও শিল্প এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে শ্রমিকের ছদ্মবেশে থাকা ৩৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ডিএমপির যৌথ দল।
পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা জানান, তৈরি পোশাক খাতের মতো গুরুত্বপূর্ণ শিল্পে কৃত্রিমভাবে অস্থিরতা সৃষ্টি, জনজীবনে আতঙ্ক ছড়ানো এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অভিযুক্তরা সাধারণ আন্দোলনকারীদের সঙ্গে মিশে যাচ্ছিল।
তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, নাশকতার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার