
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। গোলাম কিবরিয়া লালন প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষ্য, মঙ্গলবার বেলা ৩টার দিকে দশম শ্রেণির বাংলা ক্লাস নেওয়ার সময় সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ তোলেন ওই শিক্ষক। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, একপর্যায়ে শিক্ষক প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। এতে শ্রেণিকক্ষে অসন্তোষ তৈরি হয়। পরে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে শিক্ষক লালনকে আটক করে থানায় নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল জানান, মঙ্গলবার রাতে তিনি বিষয়টি জানতে পারেন। বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে শিক্ষক লালনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তার ভাষ্য, শিক্ষক লালন কটূক্তির অভিযোগ অস্বীকার করেছেন। তবে দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে—এমন মন্তব্য তিনি করেছেন বলে জানান প্রধান শিক্ষক।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত করার অভিযোগে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক লালনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার