
সংসদ সদস্যদের সরকারি বাসভবনে মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন ও পর্দার ব্যবস্থা করার দাবি নিয়ে জাতীয় সংসদে তৈরি হয় উত্তপ্ত বিতর্ক।
জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্যের এই দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ওই সদস্যকে ব্যক্তিগতভাবে মাইক্রোওভেন দেওয়ার প্রস্তাব দেন। তার এই মন্তব্যের প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৮ জুন) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পার্থ বলেন, সংসদ সদস্যদের দায়িত্ব জনগণের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরা। কিন্তু মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন ও পর্দার মতো বিষয় সংসদের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে তিনি ব্যক্তিগতভাবে মাইক্রোওভেন দিতে প্রস্তুত।
পার্থের এই বক্তব্যের বিরোধিতা করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সংসদে এ ধরনের মন্তব্য সম্মানজনক নয় এবং এতে একজন সদস্যের মর্যাদা ক্ষুণ্ণ হয়। তিনি আরও বলেন, সংসদ সদস্যটি নিজের জন্য নয়, বরং সংসদ ভবনের সরকারি বাসভবনে থাকা সকল সদস্যের সুবিধার বিষয়টি তুলে ধরেছেন।
বিতর্কের এক পর্যায়ে স্পিকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং বিষয়টি আর না বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, এ বিষয়ে হাউস কমিটি রয়েছে এবং সেখানে আলোচনা করা যেতে পারে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি গুরুতর কোনো অপরাধ নয়, তবে সংসদে এ ধরনের আলোচনা জনমনে ভিন্ন ধারণা তৈরি করতে পারে। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার