নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্যদের জন্য সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
অনুষ্ঠানে স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে সংসদ সদস্যরা জনপ্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি আরও বলেন, কার্যপ্রণালী-বিধি শুধু প্রশাসনিক আনুষ্ঠানিকতার বিষয় নয়; বরং এটি সংসদ সদস্যদের দায়িত্ব পালনের একটি কার্যকর হাতিয়ার। প্রস্তাব উত্থাপন, বিল পর্যালোচনা এবং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য কার্যপ্রণালী-বিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সের প্রথম গ্রুপে পঞ্চগড়-১ থেকে শুরু করে ময়মনসিংহ-৫ আসন পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া সংরক্ষিত নারী আসন-১ থেকে সংরক্ষিত নারী আসন-২৪ পর্যন্ত নির্বাচিত নারী সংসদ সদস্যরাও এতে অংশ নেন।
সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধি এবং কার্যপ্রণালী-বিধি বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা প্রদানের লক্ষ্যে এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
প্রতিবেদকের নাম 




















