
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা উঠলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত এক পথসভায় তারা এসব মন্তব্য করেন। সভায় বক্তারা অভিযোগ করেন, বিএনপি শুধু গণভোটকে অস্বীকারই করছে না, নিজেদের ঘোষিত ৩১ দফা থেকেও সরে এসেছে।
এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বিএনপি শুধু গণভোটকে অস্বীকার করছে না, দলটি নিজেদের দেওয়া ৩১ দফার রূপরেখা থেকেও পুরোপুরি সরে এসেছে।
বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, যদি জুলাই সনদ ও গণভোট অবৈধ হয়, তাহলে বিএনপি সরকারেরও বৈধতা থাকে না।
দলের যুগ্ম মুখ্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, উন্নয়নের কথা বলে বিএনপি দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। অথচ উন্নয়নের যে ট্রেন, সেটি খুনি-সন্ত্রাসী হাসিনাই চালু করে দিয়ে গেছেন।
তিনি আরও বলেন, ‘সংস্কারের কথা শুনলেই বিএনপির গায়ে আগুন লাগে। তাই এখন বিএনপিকে সংস্কারের টিকা দিতে হবে।’
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আতিক মুজাহিদ এমপিসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এর আগে গণভোটের রায় বাস্তবায়ন, খুনিদের বিচার এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে আখতার হোসেনের নেতৃত্বে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি জলঢাকার পেট্রোল পাম্প মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নীলফামারী শহীদ মিনার চত্বরে জেলা এনসিপি আয়োজিত আরেকটি পথসভায় অংশ নিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা।
প্রতিবেদকের নাম 




















