
বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার হাগের সঙ্গে বিবাহবিচ্ছেদ ও সন্তানদের অভিভাবকত্ব নিয়ে চলমান আইনি লড়াইয়ের মাঝেই তিনি সম্প্রতি এক আবেগঘন মুহূর্তে ভেঙে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, তিনি তার প্রয়াত সন্তান শামশেরের কবরের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন। ভিডিওটি প্রকাশের পাশাপাশি তিনি নিজের জীবনের কঠিন সময় ও মানসিক যন্ত্রণার কথাও তুলে ধরেন।
সেলিনা জানান, গত কয়েক সপ্তাহ তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। তিনি বিবাহবিচ্ছেদের শুনানির জন্য অস্ট্রিয়ায় অবস্থান করছিলেন এবং আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সন্তানদের সঙ্গে দেখা করতে পারছেন না বলে অভিযোগ করেন। তার দাবি, সন্তানদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের থেকে তাকে বিচ্ছিন্ন রাখা হচ্ছে।
অভিনেত্রী আরও বলেন, সন্তানদের মধ্যে কেবলমাত্র শামশেরের সঙ্গেই তার শেষ দেখা হয়েছিল, যিনি পরবর্তীতে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি সন্তানদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন বলেও উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, বিচ্ছেদ প্রক্রিয়ায় তাকে অযৌক্তিক চাপের মুখে পড়তে হচ্ছে এবং তার ব্যক্তিগত সম্পত্তির ওপরও দাবি তোলা হচ্ছে। পাশাপাশি সন্তানদের নিয়ে ভুল তথ্য ছড়ানো ও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সেলিনা আরও জানান, তাদের দাম্পত্য জীবনে বহুবার দেশ পরিবর্তন করে স্বামীর পেশাগত জীবনকে সহায়তা করেছেন তিনি। কিন্তু এখন সেই সম্পর্কের অবসান চাইলেও জটিলতা বাড়ছে বলে অভিযোগ তার।
উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হাগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সেলিনা জেটলি। তাদের তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি সন্তানদের ফিরে পাওয়ার পাশাপাশি বিবাহবিচ্ছেদ কার্যকর করার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
প্রতিবেদকের নাম 






















