
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইতালির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সমুদ্রসীমার নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টকে বাংলাদেশে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধিতে ইতালি সরকারের অবদানের কথা স্মরণ করে ইতালীয় নৌবাহিনীর চারটি মিনার্ভা ক্লাস কর্ভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশকে হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।
বৈঠকে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রোল ভেসেল সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া দুই দেশের কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন’ (বিডব্লিউও) এবং ‘মানবপাচার প্রতিরোধ’ (এএইচটি) কোর্স-২০২৬ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এসব কোর্সে অংশ নিতে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।
এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের জন্য ইতালিতে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার (এসএআর), জাহাজে অভিযান পরিচালনা, ড্রোন পরিচালনা এবং মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ সহযোগিতা কামনা করেন তিনি।
ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। সমুদ্রসীমা পর্যবেক্ষণ, মহাকাশ প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।
বৈঠকে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে পারস্পরিক সক্ষমতা বাড়ানোর বিষয়েও উভয় পক্ষ একমত হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার