
দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গত আট মাসে নতুন করে ৩ হাজার ৪৮টি শয্যা যুক্ত করেছে সরকার। হাসপাতালগুলোতে বাড়তি রোগীর চাপ সামাল দেওয়া এবং চিকিৎসা নিতে আসা মানুষের শয্যাসংকট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঠাকুরগাঁও ও নরসিংদীতে দুটি নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ের সিদ্ধান্ত ও আদেশ পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন পর্যায়ের সরকারি হাসপাতালে শয্যাসংখ্যা বাড়ানোর এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বড় হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে শয্যা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠানে নতুন শয্যা যুক্ত করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়। অর্থাৎ হাসপাতালটিতে নতুন করে ৬০০টি শয্যা যুক্ত হয়েছে।
এর আগে গত ২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়।
এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ২০০ শয্যা থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়েছে। গত ১৩ জুলাই এ বিষয়ে আদেশ জারি করা হয়।
একই দিনে কয়েকটি জেলা হাসপাতালের সক্ষমতাও বাড়ানো হয়। রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০, জয়পুরহাট জেনারেল হাসপাতালের ২৫০ থেকে ৪০০ এবং রাঙামাটি জেনারেল হাসপাতালের ১০০ থেকে ২৫০ করা হয়েছে। নরসিংদী জেলা হাসপাতালের শয্যাসংখ্যাও ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে।
উপজেলা পর্যায়েও বাড়ছে চিকিৎসার সুযোগ
শুধু বড় হাসপাতাল নয়, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়েছে সরকার।
গত ১৭ মে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বাড়ানো হয়। পরে ২ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৫০টি শয্যা যুক্ত করা হয়।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ৩১ থেকে বাড়িয়ে ৫০ করা হয়েছে। ফেনীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১৯টি শয্যা বাড়ানো হয়েছে।
এ ছাড়া রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া এবং ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা যুক্ত করা হয়েছে। রাঙামাটির লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যাও ৩১ থেকে ৫০-এ উন্নীত করা হয়েছে।
বিশেষায়িত হাসপাতালেও নতুন শয্যা
বিশেষায়িত চিকিৎসাসেবার পরিধি বাড়াতে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে।
অন্যদিকে, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে ১১৫টি শয্যা বাড়ানো হয়েছে। এতে প্রতিষ্ঠানটির মোট শয্যাসংখ্যা দাঁড়িয়েছে ২৫০টিতে।
সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
এর আগে গত জুন মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ১২ আগস্ট সেই সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। বর্তমান সরকার জনগণকে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে কাজ করছে।
তিনি জানান, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি হতে গিয়ে যাতে শয্যাসংকটে পড়তে না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখে বিভিন্ন হাসপাতালে তিন হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে।
আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করার কাজ শেষ করা সম্ভব হলে দেশের সামগ্রিক চিকিৎসাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: বাসস
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার