
ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানিয়েছে। একই সঙ্গে সতর্ক করে দলটি বলেছে, প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে তারা আবারও রাজপথে আন্দোলনে ফিরবে। তবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে মধ্যরাতের বৈঠকের পর আপাতত নতুন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় দুই থেকে তিন ঘণ্টাব্যাপী বৈঠকে আন্দোলনকারীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তার দাবি, বৈঠকে সরকার আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং বিহার ও আসাম সরকারের জারি করা নির্দেশনার কপিও তাদের দেখানো হয়েছে। ওই নির্দেশনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার, ভবিষ্যতে নতুন কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তির বিষয় উল্লেখ রয়েছে।
সৌরভ দাস আরও জানান, কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য বিজেপি বা এনডিএ-শাসিত রাজ্য থেকেও একই ধরনের নির্দেশনা দ্রুত জারি করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে এসব প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, সরকারি প্রতিনিধিরা বিহারের স্বরাষ্ট্র বিভাগের একটি বিজ্ঞপ্তি দেখিয়েছেন, যেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া আইনি ব্যবস্থা প্রত্যাহারের বিষয়টি উল্লেখ রয়েছে। একই ধরনের সুরক্ষামূলক নির্দেশনা দেশের অন্যান্য রাজ্যেও জারি করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে।
সিজেপির দাবি, আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে আবারও নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছে দলটি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার