
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো প্রদেশে দেশটির সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ১৯ জনের সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে আন্তোনভ এএন-১২ মডেলের বিমানটি দুর্ঘটনায় পড়ে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে।
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসকে জানান, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ করছে। জরুরি সেবাদানকারী দলগুলোও ঘটনাস্থলে রয়েছে।
প্রাথমিক তথ্যে বলা হয়েছে, বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যায়। এতে নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হয়ে বিমানটি মাটিতে আছড়ে পড়ে।
রুশ সংবাদমাধ্যম বাজা সূত্রের বরাতে জানিয়েছে, জ্বালানি লিক, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক ব্যবস্থা বিকল হয়ে যাওয়াকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার মুহূর্ত দেখা গেছে। এতে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে যেতে এবং পরে বিস্ফোরণে আকাশ আলোকিত হতে দেখা যায়। তবে দুর্ঘটনাস্থল দূরে হওয়ায় দৃশ্যটি স্পষ্ট ছিল না।
বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে জানিয়েছে, সেটি ওই এলাকার স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিলে যায়।
বিমানটিতে কোনো পণ্য বা মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও এ ধরনের বিমান ব্যবহার করা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার