
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আসামিপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নাহিদের পক্ষে অ্যাডভোকেট সাথী শাহা জামিনের আবেদন নিয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাঁর জামিন আবেদন খারিজ করেন।
এর আগে গত ১৯ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্তের স্বার্থে প্রয়োজনে পরে তাঁর পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও উল্লেখ করা হয়।
গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার অধীন একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানা এলাকায় অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশি ও আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালান।
একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জন আসামি একযোগে দেশি ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় এলোপাতাড়ি মারধরের পাশাপাশি উপর্যুপরি গুলি চালানো হয়। এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।
পরে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার