
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ২৮৪ শতক জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর মালিকানাধীন দুটি টয়োটা জিপ জব্দ এবং ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে মুজিবুল হক ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, তদন্তের সময় বিভিন্ন নথি পর্যালোচনা করে দেখা গেছে, মুজিবুল হক তাঁর নামে থাকা এবং স্বার্থসংশ্লিষ্ট স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর কিংবা বেহাত করার চেষ্টা করছেন।
আবেদনে আরও বলা হয়, মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তা উদ্ধার করা কঠিন হতে পারে এবং এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে সম্পদগুলো ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন জানায় দুদক।
আদালত দুদকের আবেদন আমলে নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় থাকা ২৮৪ শতক জমি ক্রোক, দুটি টয়োটা জিপ জব্দ এবং ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।
সূত্র: বাসস
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার