
দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজ ‘স্মল রিসার্চ ভেসেল’ নির্মাণের উদ্যোগ নিয়েছে খুলনা শিপইয়ার্ড। সমুদ্রের গভীরতা নিরূপণ, সমুদ্রতলের মানচিত্রায়ন এবং বৈজ্ঞানিক জরিপ কার্যক্রমে ব্যবহারের জন্য বিশেষায়িত এই জাহাজ দেশের সামুদ্রিক গবেষণায় নতুন সম্ভাবনার দুয়ার খুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে খুলনা শিপইয়ার্ডে আয়োজিত কিল লেয়িং অনুষ্ঠানের মাধ্যমে জাহাজ নির্মাণকাজের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি বলেন, এই গবেষণা জাহাজ সমুদ্রের খনিজ ও মৎস্যসম্পদ অনুসন্ধান এবং সুনীল অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, জাহাজটি সমুদ্র গবেষণার পাশাপাশি তেল-গ্যাস অনুসন্ধান, মেরিন স্যাম্পল সংগ্রহ, হাইড্রোগ্রাফিক সার্ভে, মৎস্য ও পরিবেশবিষয়ক গবেষণায় ব্যবহৃত হবে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড এ প্রকল্প বাস্তবায়ন করছে।
সরাসরি ক্রয় পদ্ধতির আওতায় খুলনা শিপইয়ার্ড লিমিটেড ও বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী নির্মাণ করা হবে একটি স্মল রিসার্চ ভেসেল ফর স্যাম্পল কালেকশন, একটি সেলফ-সাসটেইন্ড পল্টুন, দুটি হাইস্পিড কেবিন বোট এবং ২৫০ মিটার দীর্ঘ জেটি ও গ্যাংওয়ে।
মন্ত্রী আরও বলেন, সমুদ্রভিত্তিক সম্পদের সঠিক ব্যবহার ও গবেষণার মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে। এমন উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী, খুলনা শিপইয়ার্ড এবং বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের সামুদ্রিক গবেষণা সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগকে ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বিনিয়োগ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার