
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কবর থেকে তার দেহাবশেষ উত্তোলনের প্রক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সিলেট জেলা প্রশাসন।
রোববার (৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিলেট জেলা প্রশাসনের অফিস আদেশ আদালতে পৌঁছানোর পর তা নথিভুক্ত করা হয়েছে।
সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা গত ২২ জুন জারি করা আদেশে সিলেটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে দেহাবশেষ উত্তোলনের সময় দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেন।
এর আগে গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে দেহাবশেষ উত্তোলনের আবেদন করেন। ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আবেদন মঞ্জুর করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের নির্দেশ দেন। বিষয়টি পরে গত ১০ জুন প্রকাশ্যে আসে।
পরবর্তীতে ২৩ জুন মামলার বাদী মোহাম্মদ আলমগীর (কুমকুম) দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিলের আবেদন করেন। আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি বাসায় সালমান শাহর মৃত্যু হয়। প্রথমে এটি অপমৃত্যুর মামলা হিসেবে তদন্ত হলেও পরে হত্যার অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করেছে। বর্তমানে আদালতের নির্দেশে মামলাটি পুনরায় তদন্তাধীন রয়েছে এবং সেই তদন্তের অংশ হিসেবেই দেহাবশেষ উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার