
আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকার দেশ নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির দুর্গম এলাকায় ট্রাক বিকল হয়ে পড়ার পর তীব্র তৃষ্ণা ও পানির সংকটে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিবেশী দেশ মালি থেকে ফেরার পথে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতরা সবাই নাইজারের নাগরিক। তাদের বহনকারী ট্রাকটি আলজেরিয়া-নাইজার সীমান্তের গুরুত্বপূর্ণ প্রবেশপথ আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির মধ্যে আটকা পড়ে।
নাইজারের আগাদেজ অঞ্চলের গভর্নর জানান, ট্রাকটি মালির তেলহানদেক শহর থেকে যাত্রা শুরু করেছিল। পথে নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার পর গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। কয়েকদিন ধরে চালক ও যাত্রীরা সেটি মেরামতের চেষ্টা চালালেও সফল হননি।
পানি ও খাদ্যের তীব্র সংকটে একে একে যাত্রীরা দুর্বল হয়ে পড়েন। শেষ পর্যন্ত মাত্র দুইজন জীবিত অবস্থায় মরুভূমি পাড়ি দিয়ে আসামাকায় পৌঁছে কর্তৃপক্ষকে ঘটনাটি জানান।
খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের গণকবরে দাফন করা হয়।
এদিকে উদ্ধার অভিযান শেষে ফেরার পথে আরও একটি বিকল ট্রাকের সন্ধান পায় উদ্ধারকারী দল। সেখানে ৬০ জনের বেশি যাত্রী তিন দিন ধরে আটকা ছিলেন। তাদের প্রয়োজনীয় পানি সরবরাহ ও গাড়ি মেরামতের ব্যবস্থা করে নিরাপদে গন্তব্যের পথে পাঠানো হয়।

মানবাধিকারকর্মীরা বলছেন, সাহারা মরুভূমির এই রুট দীর্ঘদিন ধরেই পশ্চিম আফ্রিকার অভিবাসী ও সীমান্তপারের যাত্রীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও জীবিকা ও উন্নত জীবনের আশায় প্রতিবছর হাজারো মানুষ এই বিপজ্জনক পথ ব্যবহার করেন।
সাম্প্রতিক এ মর্মান্তিক ঘটনা আবারও সাহারা অঞ্চলে যাত্রীদের নিরাপত্তা ও জরুরি সহায়তা ব্যবস্থার সীমাবদ্ধতার বিষয়টি সামনে নিয়ে এসেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার