
সিলেট বিভাগে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও নতুন করে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।
বুধবার (২২ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া দুই শিশুর একজন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এবং অন্যজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা। পাঁচ মাস বয়সী দুই শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ৭১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় ৫৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গে ১০৩ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার