
শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে দুটি এটিভি (অল-টেরেইন ভেহিকল) গাড়ি, ড্রোন ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা সংযোজন করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিশেষ মহড়াও পরিচালনা করা হয়েছে।
এটিভি হলো বিশেষ ধরনের চাকার মোটরচালিত যান, যা দুর্গম ও অসমতল পথেও চলাচল করতে পারে। ফলে সীমান্তের দুর্গম এলাকাগুলোতে টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনায় এসব যান সহায়ক হবে।
মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।
বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধের পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বিজিবির আশা, নতুন প্রযুক্তি ও বাড়তি জনবলের মাধ্যমে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও কার্যকর হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার