দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে সুইজারল্যান্ডে মুখোমুখি বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমিত করা এবং সাম্প্রতিক সমঝোতাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে।
রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের লেক লুসার্ন এলাকায় যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতার ধারাবাহিকতায় এই বৈঠকের আয়োজন করা হয়েছে। তবে আলোচনার শুরুতেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও জটিল ইস্যু সামনে এসেছে।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নিচ্ছেন।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট চার দেশের প্রতিনিধিরা লেক লুসার্নের একটি লাক্সারি রিসোর্টে অবস্থান করে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আলোচনায় হরমুজ প্রণালি পুনরায় চালু করা, ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ অবমুক্ত করার বিষয়গুলো প্রাথমিকভাবে গুরুত্ব পাচ্ছে।
তবে ইরান জানিয়েছে, লেবাননের চলমান সংঘাত নিরসনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসেনি। বিষয়টি আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত এই বৈঠক থেকে কোনো স্থায়ী সমঝোতা আসে কি না, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।
সূত্র: আল জাজিরা
প্রতিবেদকের নাম 






















