
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে ডাকাত সাত্তার বাহিনীর কাছে জিম্মি থাকা পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুটি এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরেন বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মীর আকিব মোস্তাফিজ।
জিম্মি পাঁচ জেলেকে উদ্ধার
লেফটেন্যান্ট মীর আকিব মোস্তাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে খুলনার কয়রা থানার সুন্দরবনের আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রা ও দোবেকী।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মি জেলেদের ফেলে বনের গভীরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ডিঙি নৌকা থেকে চারটি দেশীয় ওয়ান শুটার গান, ছয় রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় জিম্মি থাকা পাঁচ জেলেকেও জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা হলেন—জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭)। তাঁরা সবাই খুলনার কয়রা থানার বাসিন্দা।
অন্য অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
এদিকে, একই দিন বেলা ১১টার দিকে খুলনার দাকোপ থানার সুন্দরবনের কুমড়োখালী খাল এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন নলিয়ান।
এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা চারটি একনলা বন্দুক, একটি ০.২২ ক্যালিবারের বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ০.২২ ক্যালিবারের ৫২ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া পাঁচ জেলেকে তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার