
সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারের জালে ১০ লাখ টাকা মূল্যের লাল কোরাল ও চাপা সুরমা মাছ ধরা পড়েছে। জালে উঠেছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ।
শনিবার (১৫ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিকের মালিকানাধীন ট্রলারে এসব মাছ ধরা পড়ে। পরে রোববার (১৬ নভেম্বর) দুপুরে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাটের ফিশারিতে মাছগুলো নিয়ে আসা হয়। সেখানে প্রায় ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি করা হয়।
ট্রলারমালিক মোহাম্মদ শফিক জানান, শুক্রবার সকাল ৯টায় শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া ঘাট থেকে তার ট্রলারটি বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা করে। ট্রলারচালক হাফেজ উল্লাহ মাঝির নেতৃত্বে এতে ১১ জন মাঝিমাল্লা ছিলেন।
সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে সেন্টমার্টিন চ্যানেলে ট্রলারটি নোঙর করে জাল ফেলা হয়। ভোরে সেই জালে লাল কোরাল ও চাপা সুরমা মাছ ধরা পড়ে। পরে রোববার দুপুরে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাটের ফিশারিতে মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করা হয়।
মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, ধরা পড়া কোরাল মাছ ইতোমধ্যে কক্সবাজার ও ঢাকায় সরবরাহ করা হয়েছে। এসব মাছ সেখানে প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা দরে বিক্রি হবে। কক্সবাজার ও ঢাকার হোটেলগুলোতে এ মাছের চাহিদা তুলনামূলক বেশি।
টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, একসঙ্গে এত মাছ ধরা পড়া আনন্দের খবর। লাল কোরাল অত্যন্ত সুস্বাদু মাছ। এ মাছ ঝাঁক বেঁধে প্রবালের স্তূপে বিচরণ করে। এ কারণে সেন্টমার্টিনসংলগ্ন এলাকায় লাল কোরাল বেশি ধরা পড়ে।
তিনি জানান, লাল কোরাল মাছ সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত ওজনের হতে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার