
রাজশাহীতে সোনার বার বলে প্রতারণার উদ্দেশ্যে লোহার তৈরি ৪১টি নকল বার বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর কর্ণহার থানা পুলিশের একটি চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সোনালি রঙের প্রলেপ দেওয়া বারগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনার সময় গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি চার্জার অটোরিকশা থামানো হয়। গাড়িটিতে থাকা তিন যাত্রীর মধ্যে একজন পালিয়ে গেলেও বাকি দুজনকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো ও কসটেপ দিয়ে প্যাঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু পাওয়া যায়।
পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষায় সোনালি রঙের প্রলেপ তুলে দেখা যায়, প্রতিটি বারের ভেতরেই রয়েছে লোহা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার নূরুল ইসলাম ফকিরের ছেলে মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আব্দুল আলীর ছেলে জাহিদ হোসেন (২৮)।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে সেগুলোকে সোনার বারের মতো তৈরি করতেন। পরে প্রকৃত সোনা হিসেবে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। জাহিদ হোসেনের দাবি, মনিরুজ্জামান তাকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে আসেন।
পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার