
চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
রোববার (৩ মে) হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।
হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি হজযাত্রী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান।
এছাড়া সৌদি মেডিকেল টিম ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে এবং আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ৭৩০ জন সেবা পেয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজে যাচ্ছেন।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাসের ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। বাকি যাত্রীরা পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে রওনা হবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।
প্রতিবেদকের নাম 




















