
অবশেষে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। ভোটের আগে হাতে সময় মাত্র দুই মাস। এরই মধ্যে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। তবে ক্ষমতাসীন বিএনপির জন্য এবারের স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে একই পদে দলের একাধিক নেতার প্রার্থী হওয়া।
দলীয় প্রতীক না থাকলেও বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা—দলের প্রার্থীকে জিততে হবে নিজের যোগ্যতা, জনপ্রিয়তা ও জনগণের সমর্থনের ভিত্তিতে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এবারের স্থানীয় সরকার নির্বাচন জাতীয় বা দলীয় প্রতীকে হবে না। তবে দলগুলো নিজেদের সমর্থিত প্রার্থীর নাম প্রকাশ করতে পারবে।
তিনি বলেন, উপজেলা বিএনপি সাংবাদিক সম্মেলন কিংবা কর্মীসভা করে নির্দিষ্ট ইউনিয়নে দলের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করতে পারে।
প্রতিমন্ত্রীর ভাষায়, আগের সরকারের সময়ে স্থানীয় নির্বাচনগুলো জাতীয় প্রতীকে অনুষ্ঠিত হলেও এবার সেই ব্যবস্থা থাকছে না। নির্বাচন হবে নির্দলীয়ভাবে এবং সাধারণ প্রতীকে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের জেতাতে প্রশাসনিক বা সরকারি কোনো সহযোগিতা না দেওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
তিনি বলেন, “উনি এটাও বলেছেন যে স্থানীয় নির্বাচনে আমি কাউকে সহযোগিতা করে জিতিয়ে নিয়ে আসা আমার দ্বারা সম্ভব না। যেটা শেখ হাসিনা করেছেন, সেটা উনি করবেন না বলে জানিয়েছেন। তোমার জনগণের ভালোবাসা নিয়ে, পাশে নিয়ে, সাপোর্ট নিয়ে পাস করে আসতে হবে। আমার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে পাস করানোর কোনো সহযোগিতা থাকবে না।”
দলের এই অবস্থানের কারণে স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা ও ভোটারদের সঙ্গে সরাসরি সম্পর্কই প্রার্থীদের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
দলীয় প্রতীক না থাকায় একই দলের একাধিক নেতা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। ফলে বিএনপি সমর্থিত প্রার্থী চূড়ান্ত হওয়ার পরও অন্য নেতারা প্রার্থী হলে ভোট ভাগ হওয়ার আশঙ্কা রয়েছে।
বিশেষ করে দীর্ঘদিনের স্থানীয় রাজনৈতিক বিরোধ, ব্যক্তিগত প্রভাব ও জনপ্রিয়তার হিসাব এবারের নির্বাচনে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দলের সমর্থিত প্রার্থীকে জয়ী করতে স্থানীয় পর্যায়ে ঐক্য ধরে রাখাই তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য নির্বাচন কমিশন যেটুকু সহযোগিতা চাইবে, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে আমরা সেটুকু সহযোগিতা দেব।”
ভোটের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং ভোট শেষে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সে ব্যবস্থাও নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। এই ধারাবাহিকতায় সবার শেষে জেলা পরিষদের প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, সময় যত ঘনিয়ে আসছে ততই স্থানীয় পর্যায়ে প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি বাড়ছে। দলীয় প্রতীক না থাকায় বিএনপির জন্য সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সামলে একক প্রার্থীকে ঘিরে ভোটের মাঠে ঐক্য ধরে রাখা।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার