
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ—মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য যিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন। স্বাধীনতার পর সেনাবাহিনী থেকে অবসর নিয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে মামলা-কারাবরণ করেছেন, ছিলেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য। ভোলা থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দায়িত্ব পালন করেছেন বাণিজ্য, পানিসম্পদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের। বর্তমানে তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদে যেদিন তাকে স্পিকার হিসেবে মনোনীত করা হয়, সেদিন সকালেই বিষয়টি জানতে পারেন।
বর্তমানে স্পিকার হিসেবে নিরপেক্ষতা বজায় রাখাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। তার ভাষ্য, বিএনপির সদস্য হলেও স্পিকারের দায়িত্ব পালনে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, “স্পিকারের ভূমিকা ফুটবলের রেফারির মতো। দুই দল খেলবে, তারা যাতে ফাউল না করতে পারে কিংবা ফাউল করলে আমি যেন হলুদ-লাল কার্ড দেখাতে পারি—সেই প্রস্তুতি আমার আছে। আমি চেষ্টা করি, নিরপেক্ষ থাকতে। দলের জন্য দলকানা না হয়ে সরকার ও বিরোধী দল—উভয়ের কাছেই গ্রহণযোগ্য সমাধান দেওয়ার চেষ্টা করি।”
গণঅভ্যুত্থান-পরবর্তী সংসদকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে বলেও মন্তব্য করেন স্পিকার। তিনি বলেন, এবার কারচুপির মাধ্যমে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্যরা। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ আগের যেকোনো সময়ের তুলনায় আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী হবে বলে তিনি আশা করেন।
তিনি বলেন, “অন্য কোনো সংসদের সদস্যরা এত ত্যাগ-তিতিক্ষা বা সংগ্রামের মধ্য দিয়ে আসেননি, যতটা এই সংসদের সদস্যরা এসেছেন। তাই আমার বিশ্বাস, এই সংসদ অতীতের সব সংসদকে ছাড়িয়ে যাবে এবং জনকল্যাণে আরও ভালো রেকর্ড গড়বে। অতীতে সংগ্রাম ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্রের সুফল যাতে জনগণ পায়, সে জন্য সরকারি দল ও বিরোধী দল—উভয়ই আন্তরিকভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”
প্রায় ৫৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞ এই রাজনীতিবিদ এবার নিজের অবসরের ভাবনাও তুলে ধরেছেন।
তিনি বলেন, বর্তমান অবস্থানে পৌঁছাতে তাকে অনেক ত্যাগ ও পরিশ্রম করতে হয়েছে। আশপাশের অনেকের তুলনায় বেশি কষ্ট করেও তিনি কোনো ধন-সম্পদ অর্জন করেননি। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থনকেই তিনি জীবনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, “একসময় তো অবসর নিতেই হবে। আমার মনে হয়, সেই সময় এসে গেছে।”
অর্থাৎ, বর্তমান মেয়াদে স্পিকারের দায়িত্ব শেষ হওয়ার পর সক্রিয় রাজনীতি থেকে অবসরে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার