
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ নকশার একটি স্মারক পাসপোর্ট উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই পাসপোর্টে তার নিজের একটি গম্ভীর অভিব্যক্তির ছবি, স্বাক্ষর এবং স্বাধীনতার ঘোষণাপত্রের অংশ সংযোজন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টের নমুনা প্রকাশ করে ট্রাম্প এটিকে যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট হিসেবে উল্লেখ করেন। পাসপোর্টের একটি পাতায় ট্রাম্পকে ডেস্কে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে তার স্বাক্ষরের পাশাপাশি ‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন’—এমন একটি বার্তাও সংযুক্ত রয়েছে।
পাসপোর্টের অন্য পাতায় ১৭৭৬ সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ঐতিহাসিক চিত্রকর্ম ব্যবহার করা হয়েছে। এতে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ লেখা রয়েছে। হোয়াইট হাউস এই বিশেষ সংস্করণকে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে অভিহিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আগামী ৬ জুলাই থেকে সীমিত সংখ্যায় এই স্মারক পাসপোর্ট বিতরণ করা হবে। তবে এটি কেবল ওয়াশিংটন ডিসিতে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পাওয়া যাবে।
বিশ্লেষকদের মতে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রাম্পের ব্যক্তিগত উপস্থিতি আরও জোরালো করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন সরকারি ভবনে তার ছবিসংবলিত ব্যানার টাঙানো হয়েছে। এছাড়া ট্রেজারি বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে এক ডলারের নোটেও তার স্বাক্ষর যুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।
নতুন এই পাসপোর্ট চালু হলে ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট, যার ছবি সাধারণ নাগরিকদের ব্যবহৃত ভ্রমণ নথিতে স্থান পাবে।
প্রতিবেদকের নাম 











