
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেই নতুন করে সামুদ্রিক ‘নিষিদ্ধ অঞ্চল’ তৈরির ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। প্রস্তাবিত এই অঞ্চল ইরানের চাবাহার উপকূল থেকে ওমান উপসাগরের কিছু অংশ পেরিয়ে আরব সাগর পর্যন্ত বিস্তৃত হবে।
আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন, প্রস্তাবিত অঞ্চলটি চাবাহার উপকূল থেকে শুরু হয়ে ওমান সাগর ও আরব সাগরের কিছু অংশ অন্তর্ভুক্ত করবে। ওই এলাকায় ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো জাহাজ প্রবেশ করলে নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
তবে নতুন নিষিদ্ধ অঞ্চলের সুনির্দিষ্ট স্থানাঙ্ক পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে রোববার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই জানিয়েছিলেন, হরমুজ প্রণালির বাইরে একটি নতুন ‘রেস্ট্রিক্টেড জোন’ প্রতিষ্ঠা করা হবে।
তিনি সতর্ক করে বলেছিলেন, ওই এলাকায় প্রবেশকারী জাহাজকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় রাখা হবে।
ইরানের নতুন ঘোষণা এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামুদ্রিক সংঘাত আরও তীব্র হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইরান দাবি করেছে, হরমুজের কাছে তারা ১০টি জাহাজে হামলা চালিয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের হামলায় পাঁচটি ইরানি তেলবাহী জাহাজ ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে তেহরান।
এর মধ্যে উপসাগর ও ওমান সাগরে কয়েকটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। একটি ট্যাংকার ইরাকের জলসীমায় ড্রোন হামলার পর আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক তেলবাজারেও চাপ তৈরি হয়েছে। বুধবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।
এ অবস্থায় ইরানের নতুন নিষিদ্ধ অঞ্চল বাস্তবে কতটা বিস্তৃত হবে এবং তেহরান কীভাবে সেটি কার্যকর করবে, তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার