
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির জ্যেষ্ঠ সংসদ সদস্য ইসমাইল কোসারি। একই সঙ্গে এই জলপথে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য কোসারি এসব কথা বলেন।
তিনি জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা তেহরান ১৯৮৭ সাল থেকেই করে আসছে। বর্তমানে এই জলপথে শত্রুপক্ষের কোনো ধরনের চলাচল বা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রসঙ্গে কোসারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতা কাজে লাগিয়ে মার্কিন নৌ-অবরোধ ভেঙে দেওয়া হবে। শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাব কখন ও কীভাবে দেওয়া হবে, সে সিদ্ধান্ত ইরানের সশস্ত্র বাহিনীই নেবে।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কারণে মার্কিন যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন এই আইনপ্রণেতা।
প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তা দিয়ে কোসারি বলেন, হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে এর বড় ধরনের অর্থনৈতিক মূল্য ওই দেশগুলোকে দিতে হবে। পাশাপাশি নিজেদের ভূখণ্ড ব্যবহার করে বিদেশি সামরিক বাহিনীকে কোনো অভিযান চালানোর সুযোগ না দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোনো দেশ যুক্তরাষ্ট্রকে নিজেদের সক্ষমতা বা ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিলে এর দায়ভার সেই দেশকেই নিতে হবে। এমনকি ইরানে হামলার জন্য ইউরোপের আকাশসীমা ব্যবহার করা হলেও ইরান কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার