
হরমুজ প্রণালির ওপর ইরান তার কর্তৃত্ব অটুট রাখবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ইরানের ‘সবচেয়ে বড় শক্তির হাতিয়ার’।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে সামুদ্রিক সেবার ফি থেকে মাত্র ৬০ দিনের জন্য অস্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ইরান ওই জলপথের ওপর নিজের অধিকার ছেড়ে দিচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি–এর বরাতে তিনি বলেন, “এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। হরমুজ প্রণালিকে ইরান আটকে রেখেছে—এমন দাবি তুলে যুক্তরাষ্ট্রকে কোনো বিতর্ক বা বিভ্রান্তি তৈরির সুযোগ আমরা দেব না।”
গালিবাফ আরও বলেন, “কোনো পরিস্থিতিতেই ইরান এই অবস্থান থেকে এক চুলও সরে আসবে না।”
তিনি হরমুজ প্রণালিকে “যুদ্ধের সময় আল্লাহর দেওয়া এক ঐশ্বরিক উপহার” হিসেবে উল্লেখ করে বলেন, এটি ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। এ কারণে এই নৌপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই ইরান, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার