
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। মার্কিন কর্মকর্তাদের ইতিবাচক বক্তব্যের পর তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের তেলের দাম।
মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে আসে। একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে দাঁড়ায়। ১৩ জুলাইয়ের পর এটিই দুই ধরনের তেলের সর্বনিম্ন মূল্য।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হতে পারে—এমন আশাবাদ থেকেই তেলের বাজারে এই মূল্যহ্রাস দেখা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। যদিও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে দ্রুত একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করছে না। তবে মধ্যস্থতাকারী দেশ ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে সংঘাত শুরুর আগে প্রতিদিন বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো। ফেব্রুয়ারির শেষ দিকে উত্তেজনা শুরু হওয়ার পর ইরান এই রুটে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ করে দেয়। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে।
এদিকে বিকল্প হিসেবে ব্যবহৃত লোহিত সাগর রুটও এখন ঝুঁকির মুখে। ২০ জুলাই থেকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় বন্দরগুলোর ওপর অবরোধ জারি করেছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে একাধিক জাহাজে হামলার ঘটনায় ওই নৌপথের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার