হাওরের জলাশয়ে মধ্যস্বত্বভোগী ও প্রভাবশালীদের দখলদারিত্ব বন্ধ করে প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, ‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নের মাধ্যমে হাওরের জলমহাল ইজারামুক্ত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে ইজারা ব্যবস্থার কারণে প্রভাবশালী মহল হাওরের জলাশয় দখল করে প্রকৃত জেলেদের মাছ ধরার সুযোগ থেকে বঞ্চিত করেছে। সরকার এ দখলদারিত্বের অবসান ঘটিয়ে হাওরের জলাশয় প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত করতে কাজ করছে।
তিনি আরও জানান, অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় নদী ও খাল খনন কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেন, এ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা বোরো ধান ও মাছ। দেশীয় মাছের উৎপাদন বাড়াতে পাঁচটি স্থানে প্রায় ১৬ মেট্রিক টন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। তিনি এসব পোনা বড় হওয়ার সুযোগ দিতে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 




















