
কিশোরগঞ্জের হাওরাঞ্চলে শুরু হয়েছে বোরো ধান চাষের প্রস্তুতি। বিস্তীর্ণ মাঠজুড়ে কেউ জমি তৈরি করছেন, কেউ ব্যস্ত বীজতলা তৈরিতে। বছরের প্রধান ফসল ঘরে তোলার স্বপ্ন নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে চাষাবাদের শুরুতেই সার, বীজ, ডিজেল, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় তাদের সেই স্বপ্নে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
কিশোরগঞ্জের ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার হাজারো কৃষকের জীবিকা বোরো ধানের ওপর নির্ভরশীল। বছরের একটি ফসলের আয় দিয়েই অনেক পরিবারের সারা বছরের সংসার চলে। কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবার লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
গত মৌসুমে অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির পাশাপাশি বাজারে ধানের দাম কম থাকায় অনেক কৃষককে লোকসান গুনতে হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন মৌসুমে চাষাবাদের ব্যয় বেড়ে যাওয়ায় তাদের দুশ্চিন্তা আরও বেড়েছে।
ইটনার বলদা হাওরের কৃষক রুবেল মিয়া জানান, ধান চাষের শুরুতেই জমি তৈরি, ডিজেল, সার, বীজ ও শ্রমিকের পেছনে বড় অঙ্কের টাকা ব্যয় করতে হচ্ছে। সবকিছুর দাম বাড়লেও ধানের দাম সেই তুলনায় বাড়ছে না। গত বছর বৃষ্টিতে ফসলের ক্ষতি এবং বাজারে কম দাম পাওয়ায় ভালো লাভ হয়নি। এবারও উৎপাদন খরচ বেড়েছে। শেষ পর্যন্ত লাভ না হলে কৃষকদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
একই পরিস্থিতির কথা জানিয়েছেন মিঠামইনের গোপদিঘী হাওরের কৃষক আমির। তার ভাষ্য, বোরো ধানই তাদের পরিবারের সারা বছরের প্রধান ভরসা। কিন্তু ডিজেল, শ্রমিকের মজুরি, সার ও কীটনাশকের দাম বাড়ায় চাষাবাদ করে সংসার চালানো কঠিন হয়ে উঠছে। ধান বিক্রির সময় ন্যায্যমূল্য না পেলে ধারদেনা করে চলতে হবে, যা ঋণের বোঝা আরও বাড়াবে।
অষ্টগ্রামের ভাতশালা হাওরের কৃষক কুদ্দুস আলী অভিযোগ করেন, উৎপাদন খরচ বাড়লেও সরকারি কৃষি প্রণোদনা থেকে অনেক প্রকৃত কৃষক বঞ্চিত হচ্ছেন। যারা সরাসরি মাঠে চাষাবাদ করেন, তাদের অনেকেই সহায়তা পাচ্ছেন না। প্রণোদনার তালিকায় কারা স্থান পাচ্ছেন এবং কীভাবে তাদের নির্বাচন করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রকৃত কৃষকদের সহযোগিতার পাশাপাশি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তিনি।
হাওরাঞ্চলে বোরো ধান চাষের অন্যতম বড় ব্যয় জমি তৈরি ও সেচের কাজে। ডিজেলের দাম বাড়ায় সেচ খরচও বেড়েছে। এর সঙ্গে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি যোগ হয়ে উৎপাদন ব্যয় বাড়ছে। আবার কিছু এলাকায় শ্রমিক সংকটের কারণে বেশি মজুরি দিয়েও সময়মতো শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে।
কৃষকদের আশঙ্কা, এত টাকা বিনিয়োগ করে ফসল উৎপাদনের পর বাজারে ন্যায্যমূল্য না পেলে লাভের পরিবর্তে লোকসান গুনতে হবে। এ পরিস্থিতিতে সার, বীজ, ডিজেল ও কীটনাশকের দাম সহনীয় পর্যায়ে রাখা, ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং প্রকৃত ও প্রান্তিক কৃষকদের কাছে সরকারি প্রণোদনা পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কিশোরগঞ্জের ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন—এই তিন উপজেলায় প্রায় ৬৭ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তবে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, প্রণোদনার বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম হওয়ায় সব কৃষককে এই সহায়তার আওতায় আনা সম্ভব হচ্ছে না। সীমিত বরাদ্দের মধ্যেই কৃষকদের প্রয়োজন বিবেচনা করে তালিকা তৈরি করা হচ্ছে।
ইটনা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, প্রণোদনার বরাদ্দ তুলনামূলক কম হওয়ায় সবাইকে সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না। ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাদের পরামর্শ এবং বড় কৃষকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রণোদনা দেওয়া হচ্ছে।
তবে কৃষকদের অভিযোগ, সরকারি সহায়তার সুবিধা থেকে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক চাষিদের অনেকেই বাদ পড়ছেন। ফলে বাড়তি উৎপাদন খরচের চাপ নিয়ে নতুন মৌসুমে বোরো চাষ চালিয়ে যাওয়া নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন হাওরাঞ্চলের হাজারো কৃষক।
সব মিলিয়ে হাওরের কৃষকদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো বাড়তি উৎপাদন খরচ সামলে ফসল ঘরে তোলা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা। সময়মতো সরকারি সহায়তা ও কার্যকর পদক্ষেপ না পেলে বোরো মৌসুমে কৃষকদের লোকসানের ঝুঁকি আরও বাড়তে পারে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার