
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে একটি কল রেকর্ড আদালতে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ কল রেকর্ডটি প্রমাণ হিসেবে দাখিল করা হয়। প্রসিকিউশনের দাবি, এটি তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের মধ্যকার কথোপকথন।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে উপস্থাপিত অডিও রেকর্ডে আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচি, জমায়েত ও সংবাদ সম্মেলন নিয়ে আলোচনা শোনা যায় বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, কথোপকথনে শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে জানতে পেরে ওবায়দুল কাদের সাদ্দাম হোসেনকে বিভিন্ন নির্দেশনা দেন। অডিওতে ওবায়দুল কাদেরের কণ্ঠ হিসেবে দাবি করা অংশে আন্দোলনকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা বলা হয়েছে।
এ সময় সাদ্দাম হোসেন তাদের কার্যক্রম নিয়ে তৎকালীন পরিস্থিতি তুলে ধরেন বলে প্রসিকিউশন জানায়। তিনি জানান, রাজনৈতিকভাবে মোকাবেলার নির্দেশনা পেলে তারা তা করতে পারবেন। তবে শাহবাগে বা আন্দোলনকারীদের মুখোমুখি হওয়ার বিষয়ে পুলিশ ও অন্য পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল বলেও কথোপকথনে উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, ওই ফোনালাপটি ২০২৪ সালের ১১ জুলাইয়ের। তাদের দাবি, ওই কথোপকথনের মাধ্যমে আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশনার বিষয়টি উঠে এসেছে।
তবে আদালতে উপস্থাপিত অডিও রেকর্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার