
যুক্তরাষ্ট্র সামরিক হামলা স্থগিত রাখলে ইরানও পাল্টা সামরিক অভিযান থেকে বিরত থাকবে বলে জানিয়েছেন তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা। তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে স্থায়ী সমাধান নয়, বরং কৌশলগত বিরতি হিসেবে দেখছে ইরান।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ রাতের বিমান হামলার পর শুক্রবার (২৪ জুলাই) রাতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে অভিযান স্থগিত করে। এরপর টানা দুই দিন উভয় পক্ষ থেকেই নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘আঘাতের বদলে আঘাত’ নীতিতে অটল রয়েছে তেহরান। ফলে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও পাল্টা সামরিক অভিযান স্থগিত রাখবে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক আলোচনার সুযোগ সৃষ্টি করতেই সাময়িকভাবে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে পেন্টাগন ও যৌথ বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন গোলাবারুদের সম্ভাব্য ঘাটতি এবং সামরিক ঝুঁকির বিষয়টি তুলে ধরার পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে মার্কিন সূত্র জানিয়েছে।
প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের সীমিত মজুতের বিষয়টি আলোচনায় এসেছে বলে জানান মাইক ওয়াল্টজ। এছাড়া সিএনএন ও অ্যাক্সিওস জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারও বিমান হামলার কার্যকারিতা কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় এনে সাময়িক বিরতির পক্ষে মত দিয়েছিলেন।
তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নিয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে তেহরান। ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অতীতে ওয়াশিংটনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অভিজ্ঞতা সুখকর নয়। তাই ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং একটি কৌশলগত বিরতি হিসেবেই দেখছে ইরান।
রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, উভয় পক্ষ আপাতত সরাসরি সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি করতে চাইছে। তবে পারস্পরিক অবিশ্বাসের কারণে পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল রয়ে গেছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার