দেশে হামের সংক্রমণ ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ শিশুদের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭ শিশু।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন আক্রান্তের মোট সংখ্যা ১ হাজার ৯৭।
এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৫৩ শিশু। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৫৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪ জন। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৭ জনের।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
প্রতিবেদকের নাম 



















