সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের চারজন এবং সিলেট বিভাগের চারজন শিশু রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এক দিনে শনাক্ত ১১৭৭ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ১৭৭ জন শনাক্ত হয়েছেন। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ২৭০ জনে।
একই সময়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১২৪ জন।
হাসপাতালে ভর্তি দেড় লাখের বেশি
হামের উপসর্গ নিয়ে গত কয়েক মাসে বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট এক লাখ ৫২ হাজার ১১৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৪০০ জন।
উপসর্গে মৃত্যু ৯৩০, নিশ্চিত হামে ১০০
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যুর ফলে ১৫ মার্চ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জনে।
অন্যদিকে একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণ ও হাসপাতালভিত্তিক তথ্যের মাধ্যমে দেশে হাম ও হামসদৃশ উপসর্গের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 



















