দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক নির্দেশনায় অধীনস্থ দপ্তরপ্রধানদের এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরও তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনাটি বাস্তবায়নের জন্য লিখিত তাগিদ দিয়েছে।
যে তিনটি বই রাখার নির্দেশ
নির্দেশনায় উল্লেখিত বইগুলো হলো প্রয়াত গবেষক ও সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’। তৃতীয় বইটি প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’। তিনটি বইয়ের সম্মিলিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭০০ টাকা।
প্রকাশনা সংস্থার আবেদনের পর নির্দেশনা
নথি পর্যালোচনার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বইগুলোর প্রকাশক ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষে জহির দীপ্তি গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দেন। আবেদনে বইগুলোকে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে মেডিকেল লাইব্রেরিগুলোতে সংরক্ষণের অনুরোধ জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিমন্ত্রী ওই আবেদনে স্বাক্ষর, তারিখ ও সরকারি সিলমোহরসহ ‘জোর সুপারিশ করা হলো’ লিখে স্বাস্থ্যসেবা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। পরে স্বাস্থ্যসেবা বিভাগ অধীনস্থ দপ্তরপ্রধানদের নির্দেশনা দেয়।
প্রাথমিক বিদ্যালয়ের নির্দেশ বাতিলের প্রসঙ্গ
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে একই তিনটি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হলেও ব্যাপক আলোচনা-সমালোচনার পর ৬ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তা বাতিল করে।
অতীতেও বই কেনার নির্দেশনার নজির
রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে লেখা বই শিক্ষাপ্রতিষ্ঠানে সংগ্রহের নির্দেশ দেওয়ার নজির আগেও রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৯ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশু একাডেমি প্রকাশিত ২৭টি বই কেনার নির্দেশ দিয়েছিল। ২০১৪ সালেও শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা তিনটি বই কেনার নির্দেশনা জারি করেছিল মাউশি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার