
কক্সবাজার শহরের পর্যটন জোনের লাইট হাউজ এলাকায় একটি রিসোর্ট জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাহফুজ শাকিল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একই ঘটনায় ছাত্রদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার (১৭ আগস্ট) ভোররাত ৩টার দিকে রিসোর্ট দখলের ঘটনা ঘটে।
আটক মাহফুজ শাকিল উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার শামশুদ্দিনের ছেলে। মামলায় তাকে দ্বিতীয় আসামি করা হয়েছে। প্রধান আসামি করা হয়েছে লাইট হাউজ এলাকার আল-আমিনকে, যিনি ছাত্রদল নেতা হিসেবে পরিচিত। অন্য আসামিরা হলেন—বদরুল হাসান মিল্কী, আশিকুল ইসলাম ও আরিফ।
রিসোর্টের মালিক ইসরাত জাহান বাদী হয়ে সোমবার রাতে কক্সবাজার সদর থানায় মামলাটি করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহারে ইসরাত জাহান অভিযোগ করেন, আসামিরা কলাতলীসহ আশপাশের বিভিন্ন হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন। তার কাছেও ব্যবসা পরিচালনার জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
দাবিকৃত টাকা না দেওয়ায় আসামিরা তাঁর মালিকানাধীন নকশী রিসোর্টের চারটি ফ্ল্যাট ও নিচতলার প্রায় ৮০০ বর্গফুটের একটি দোকান দখল করে নেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে রিসোর্টটি দখলের চেষ্টা করছিলেন। চাঁদার টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না এবং তাঁর সন্তানকে অপহরণ ও হত্যার হুমকিও দেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, সোমবার ভোররাতে আসামিরা আরও ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে রিসোর্টে প্রবেশ করেন। এ সময় সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে রিসোর্টটি দখলে নেওয়া হয়।
হোটেল কর্মচারী আব্দু শুকুর বাধা দিলে তাঁকে মারধর করে আহত করা হয়। পরে তাঁর মোবাইল ফোন নিয়ে তাকে হোটেল থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া রিসোর্টের বিভিন্ন কক্ষ থেকে আটটি ৩২ ইঞ্চি স্যামসাং টিভিসহ মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনায় পাঁচজনকে এজাহারভুক্ত আসামি করে মামলা হয়েছে এবং দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের কোথাও দখলের ঘটনা ঘটলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার