দীর্ঘ প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এর অংশ হিসেবে আগামী ২৮ জুন ঝালকাঠি জেলায় ৮২ হাজার ৫০১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার (২৪ জুন) ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার চারটি উপজেলার সব ইউনিয়ন এবং দুটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪৯০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগ বলছে, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের নির্দেশনা অনুযায়ী বছরে দুইবার ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আয়োজনের কথা থাকলেও ক্যাপসুলের সংকটের কারণে গত বছরের মার্চের পর থেকে কর্মসূচিটি বন্ধ ছিল। প্রায় ১৪ মাস পর পুনরায় এ কার্যক্রম চালু হওয়ায় শিশুদের পুষ্টি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্টদের।
শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
প্রতিবেদকের নাম 



















