
বিগত ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম, গুম ও খুনের ঘটনায় নির্যাতনের শিকার ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি, ভাতা ও ‘বীরের’ মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
সোমবার (১০ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে আইনজীবীদের ওপর নির্যাতন’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হচ্ছে।
এই অধিদপ্তরের মাধ্যমে নির্যাতনের শিকার ব্যক্তিদের তালিকা তৈরি করে গেজেটভুক্ত করা হবে। একই সঙ্গে তাদের বীরের মর্যাদা দেওয়ার পাশাপাশি নির্ধারিত ভাতার আওতায় আনার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াও এগিয়ে চলছে। এরই মধ্যে জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ জন্য ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি সংশ্লিষ্টদের দ্রুত আবেদন করার আহ্বান জানিয়ে বলেন, যারা জুলাইয়ের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের যথাযথভাবে মূল্যায়ন ও গেজেটভুক্ত করা হবে।
অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আনোয়ার জাহিদ ভূঁইয়া সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খানের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহানগর পাবলিক প্রসিকিউটরসহ জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার