
২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম আজ সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত হজ রোডম্যাপ অনুসারে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ই-হজ সিস্টেমের মাধ্যমে সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে।
প্রাথমিক নিবন্ধনের নিয়ম
প্রাথমিক নিবন্ধনের আগে প্রত্যেক হজযাত্রীকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করা যাবে।
যারা প্রাথমিক নিবন্ধন করবেন, তাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
কোথায় ও কীভাবে নিবন্ধন করবেন
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ই-হজ সিস্টেমে নিজস্ব ইউজার আইডি তৈরি করে সরাসরি নিবন্ধন করতে পারবেন। এছাড়া নিচের স্থানগুলো থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে—
ইউনিয়ন ডিজিটাল সেন্টার
ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়
জেলা ও উপজেলা মডেল মসজিদ
বায়তুল মোকাররম কার্যালয়
ঢাকা হজ অফিস
সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের অর্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে জমা দিতে হবে। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।
প্রয়োজনীয় শর্ত
হজে যেতে আগ্রহীদের এমন পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ অন্তত ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকবে।
এছাড়া প্রাথমিক নিবন্ধনের সময় আবেদনকারীকে—
প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা নির্বাচন,
হজের ধরন নির্বাচন এবং
পছন্দের হজ প্যাকেজ নির্ধারণ করতে হবে।
কারা হজে যেতে পারবেন না
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী—
১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না।
গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি।
স্নায়বিক বা মানসিক রোগী এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তি।
কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগী।
যক্ষ্মা, হেমোরেজিক ফিভারসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি।
গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা অথবা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরা হজের জন্য প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য হজে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে পরবর্তী ধাপের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
প্রতিবেদকের নাম 




















