
‘মিশরের হালান্ড’ নামে পরিচিত মিশরীয় তরুণ ফরোয়ার্ড হামজা আব্দেলকরিমকে দীর্ঘমেয়াদে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত করেছে কাতালান ক্লাবটি।
বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে নতুন চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করবেন হামজা। পরে ক্লাবের বাণিজ্যিক কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার।
মিশরের ফুটবলে বেড়ে ওঠার সময় থেকেই গোল করার অসাধারণ দক্ষতার কারণে আলোচনায় আসেন হামজা আব্দেলকরিম। তার গোলস্কোরিং সামর্থ্যের জন্যই তাকে দেওয়া হয় ‘মিশরের হালান্ড’ উপাধি।
এরপর খুব দ্রুতই বার্সেলোনার যুব দলে জায়গা করে নেন তিনি। এক পর্যায়ে মন্টেকার্লোর বিপক্ষে ৯-০ গোলের বিশাল জয়ে হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের জানান দেন হামজা। সেই জয়ের পথ ধরে অনূর্ধ্ব-১৯ দল ডিভিশন দনার শিরোপাও নিশ্চিত করে।
যুব দলে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৬ সালের গ্রীষ্মে হামজার সঙ্গে স্থায়ী চুক্তি করে বার্সেলোনা।
মূল দলের কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিতেও নিজের সামর্থ্য দেখান এই তরুণ ফরোয়ার্ড। চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে মূল দলের পরিকল্পনায়ও হামজাকে নিয়মিত বিবেচনা করা শুরু হয়।
যুব দল থেকে মূল দলে হামজার উত্থানও হয়েছে দ্রুতগতিতে। গত ৩১ আগস্ট স্পোটিফাই ক্যাম্প নউয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার।
অল্প সময়ের মধ্যেই একাডেমি থেকে মূল দলের দরজায় জায়গা করে নেওয়া হামজার পারফরম্যান্স এবার দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে স্বীকৃতি পেল।
নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনার জার্সিতেই দেখা যাবে মিশরের এই তরুণ ফরোয়ার্ডকে। ফলে ভবিষ্যৎ তারকাদের নিয়ে বার্সেলোনার পরিকল্পনায় হামজা আব্দেলকরিম যে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছেন, সেটিও স্পষ্ট হলো।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার