
চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে ২১৩টি নাশকতার ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, এ সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে।
তিনি আরও জানান, আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে ৭২টি। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে এবং ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় এসব কর্মসূচি বেআইনি বলে মন্তব্য করেন তিনি।
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে উপদেষ্টা জানান, পুলিশের স্থাপনায় চারটি হামলা, পুলিশের গাড়িতে ২৮টি অগ্নিসংযোগ এবং স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের চারটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ৩৪টি নাশকতার ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও আটটি মামলা ও ১৯টি জিডি হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিফিংয়ে বিএনপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গেও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, এসব হামলায় এখন পর্যন্ত বিএনপির চারজন নেতাকর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়ি এবং একটি হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তিনি এসব ঘটনার নিন্দা জানান।
গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে। আলোচনার জন্য বাংলাদেশ কমিটি গঠন করেছে এবং ভারতকেও কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে।
শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে সরকারের সঙ্গে শেখ হাসিনার কোনো আলোচনা হচ্ছে না; আলোচনা চলছে ভারতের সঙ্গে। তাঁকে হস্তান্তরের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া নড়াইলে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা এবং গোপালগঞ্জে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন উপদেষ্টা। তিনি জানান, ফৌজদারি অপরাধের ঘটনায় মামলা, তদন্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার