
আগামী মাসে স্বাধীনতার আড়াইশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই গুরুত্বপূর্ণ মাইলফলকের প্রাক্কালে প্রকাশিত এক জরিপে দেশটির ভবিষ্যৎ নিয়ে মার্কিনিদের মধ্যে গভীর উদ্বেগ ও সংশয়ের চিত্র উঠে এসেছে।
বুধবার (১৭ জুন) প্রকাশিত রয়টার্স-ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশ মনে করেন, আগামী ২৫০ বছরেও বর্তমান কাঠামোয় একক রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র টিকে থাকবে না। এ মত পোষণ করেছেন ডেমোক্র্যাট সমর্থকদের ৪০ শতাংশ এবং রিপাবলিকানদের ২৬ শতাংশ। অন্যদিকে, ৬২ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, দেশটি দীর্ঘদিন ধরে টিকে থাকবে।
জরিপে আরও উঠে এসেছে, প্রায় দুই-তৃতীয়াংশ মার্কিনি মনে করেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র বর্তমানে ব্যর্থতার ঝুঁকিতে রয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যে এ উদ্বেগের হার ৮৫ শতাংশ, আর রিপাবলিকানদের মধ্যে ৫০ শতাংশ। গত বছরের আগস্টে একই ধরনের জরিপে গণতন্ত্র নিয়ে উদ্বিগ্ন ছিলেন ৫৭ শতাংশ অংশগ্রহণকারী, যা এবার বেড়ে ৬৭ শতাংশে পৌঁছেছে।
এছাড়া, ৭৭ শতাংশ উত্তরদাতা আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা আরও বাড়তে পারে।
জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা দেশ হিসেবে দেখার প্রবণতাও কমেছে। বর্তমানে মাত্র ৩০ শতাংশ মার্কিনি দেশটিকে বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্র বলে মনে করেন, যা ২০১৭ সালের ৩৮ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কম। ডেমোক্র্যাটদের মধ্যে এ হার ২৬ শতাংশ থেকে নেমে এসেছে ১১ শতাংশে, যদিও রিপাবলিকানদের প্রায় ৬০ শতাংশ এখনও যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা দেশ হিসেবে বিবেচনা করেন।
স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান নিয়েও অসন্তোষ রয়েছে অনেকের মধ্যে। ডেমোক্র্যাটদের প্রায় তিন-চতুর্থাংশ এবং রিপাবলিকানদের অর্ধেকের বেশি মনে করেন, উদযাপনগুলো অতিরিক্ত রাজনৈতিক রঙে রাঙানো হয়েছে।
অনলাইনে পরিচালিত এই জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৫৩৭ জন প্রাপ্তবয়স্ক অংশগ্রহণ করেন। বিশ্লেষকদের মতে, জরিপের ফলাফল দেশটির বর্তমান রাজনৈতিক বিভাজন এবং জনমনে ক্রমবর্ধমান হতাশার প্রতিফলন বহন করছে।
সূত্র: রয়টার্স
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার