
যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত ৩টার দিকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সার কারখানাটি প্রায় ২৭ দিন বন্ধ ছিল। এক দিন উৎপাদন বন্ধ থাকলে গড়ে তিন কোটি টাকার উৎপাদন ক্ষতি হয়।
মিজানুর রহমান আরও জানান, বর্তমানে কারখানাটিতে গ্যাস সরবরাহের কোনো সংকট নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে।
এর আগে, গত ১৭ অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সিইউএফএলে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে দীর্ঘ ছয় মাস গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সংকট কাটিয়ে গত ১৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়।
তবে উৎপাদন শুরুর ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে যায় কারখানাটি। এরপর ১২ দিন পর ত্রুটি মেরামত করে সেপ্টেম্বরের শেষ দিকে পুনরায় উৎপাদন শুরু হলেও কিছুদিনের মধ্যে নতুন করে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে আবারও বন্ধ হয়ে যায় সিইউএফএলের উৎপাদন কার্যক্রম।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার