কর জাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করদাতাদের সেবা আরও সহজ ও ব্যবসাবান্ধব করতে ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ পুনর্গঠনের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নতুন কমিশনারেটের আওতায় স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে বিআইএন নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তিত হলেও প্রতিষ্ঠানের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
এনবিআর জানায়, আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন এড়াতে কাস্টমস সার্ভারে পুরোনো ও নতুন—উভয় বিআইএন সাময়িকভাবে সক্রিয় রাখা হয়েছে। ফলে পুরোনো বিআইএন ব্যবহার করে খোলা ঋণপত্র (এলসি), বিল অব এন্ট্রি, ঘোষণাপত্র এবং অন্যান্য চলমান কাস্টমস কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন করা যাবে।
তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে পুরোনো বিআইএনের আওতায় থাকা সব কার্যক্রম শেষ করে নতুন বিআইএন ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের পর পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় (ইনঅ্যাকটিভ) হয়ে যাবে। এরপর আমদানি-রপ্তানি–সংক্রান্ত সব কাস্টমস কার্যক্রম শুধুমাত্র নতুন বিআইএন ব্যবহার করেই সম্পন্ন করতে হবে।
এনবিআর আরও জানায়, রাজস্ব প্রশাসনকে আরও আধুনিক, কার্যকর ও গতিশীল করার পাশাপাশি দেশের অর্থনৈতিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব ব্যবসাপ্রতিষ্ঠান ও অংশীজনের সহযোগিতা প্রয়োজন।
প্রতিবেদকের নাম 




















