
৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েও আর কর্মস্থলে যোগ দেওয়া হলো না শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থী তানভীর আহমেদের (২৯)। নীলফামারীর ডোমার উপজেলায় রেললাইনের পাশ থেকে তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাতে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শিমুলতলী সংলগ্ন রেলগেট এলাকা থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ঘটনাস্থলের পাশের একটি ধানখেত থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।
তানভীর আহমেদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমানে দেবীগঞ্জ কৃষি ফার্মের গম গবেষণা কেন্দ্রের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
সম্প্রতি অনুষ্ঠিত ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি। ক্যাডার হিসেবে নতুন কর্মজীবন শুরুর আগেই মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এই তরুণ কর্মকর্তা।
নিহত তানভীর আহমেদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তার বাবা মীর বজলুর রশিদ জানান, তাদের পরিবারে কোনো ধরনের বিরোধ ছিল না।
তবে তিনি অভিযোগ করেন, দিনাজপুরে কর্মরত থাকার সময় তানভীর ওই এলাকার কয়েকজন দুর্নীতিবাজ ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পরিবারের আশঙ্কা।
সৈয়দপুর রেলওয়ে থানার ওসি জুলফিকার আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
তানভীরের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যার আশঙ্কা প্রকাশ করা হলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার