
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা নয় দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ফেরি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা।
ফেরি না চলায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে নৌকা ও স্পিডবোটে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন অনেকে। অন্যদিকে যানবাহনগুলোকে দীর্ঘ পথ ঘুরে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে।
ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এ নৌরুটে মোট দুটি ফেরি রয়েছে। এর মধ্যে একটি প্রায় দুই থেকে তিন মাস ধরে বিকল অবস্থায় পড়ে আছে।
অন্য ফেরিটিও পদ্মার তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে চলাচল বন্ধ রয়েছে। ফলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত রুটটিতে কোনো ফেরি চলাচল করতে পারেনি।
স্থানীয়দের অভিযোগ, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে দীর্ঘদিন ধরেই ফেরি নিয়ে নানা সমস্যা চলছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে পর্যাপ্ত ও ভালো মানের ফেরি না থাকায় প্রায়ই যাত্রী ও যানবাহন পারাপারে দুর্ভোগ তৈরি হয়।
ফেরি বন্ধ থাকায় অনেক যাত্রী বাধ্য হয়ে ছোট নৌযান ব্যবহার করছেন। তবে পদ্মায় তীব্র স্রোত থাকায় নৌকা ও স্পিডবোটে পারাপারকে ঝুঁকিপূর্ণ বলছেন যাত্রীরা।
ফরিদপুর থেকে পাবনা মানসিক হাসপাতালে রোগী দেখতে যাওয়া জমির উদ্দিন ধাওয়াপাড়া ঘাটে এসে ফেরি বন্ধ থাকার বিষয়টি জানতে পারেন। পরে বাধ্য হয়ে নৌকায় নদী পার হন তিনি।
পাবনা থেকে বালিয়াকান্দিতে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য নাজিরগঞ্জ ঘাটে আসা আরেক যাত্রীও ফেরি না পেয়ে নৌকায় পার হন। তার ভাষ্য, নদীতে স্রোত এত বেশি ছিল যে নৌকাটি স্বাভাবিকভাবে চলতে পারছিল না। ঘাটে পৌঁছানোর সময়ও আতঙ্কে ছিলেন তিনি।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটকেন্দ্রিক ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। ধাওয়াপাড়া ঘাটের হোটেল ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে ফেরি বন্ধ থাকায় যাত্রী ও যানবাহনের সংখ্যা কমে গেছে। রান্না করে রাখলেও বিক্রি হচ্ছে না। এতে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হচ্ছে।
ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটটি পাবনা ছাড়াও সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ ও সহজ পথ। এই রুট দিয়ে পণ্যবাহী ট্রাক, বাস, মিনিবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন পারাপার হয়।
ফেরি বন্ধ থাকায় অনেক যানবাহন ঘাটে এসে ফিরে যাচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত সময় ও খরচ করে বিকল্প পথে যেতে হচ্ছে তাদের। যাত্রীদেরও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরির প্রয়োজনীয়তার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি বলেন, ‘আমরা ফেরির চাহিদা জানিয়েছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আপডেট পাইনি। ফেরি চালুর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তবে কবে নাগাদ এই গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার