
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রকাশিত সাহিত্য পত্রিকা ‘আভাস’–এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ডাকসুর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পত্রিকাটির প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সম্পাদিত এ সংখ্যায় স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ডাকসুর সহসম্পাদক আশফাকউল্লাহ আসিফের সঞ্চালনায় বক্তব্য দেন কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আন্তর্জাতিক সম্পাদক জসিমউদদীন খান, এজিএস মুহা. মহিউদ্দিন খান, জিএস এস এম ফাহাদ এবং ভিপি সাদিক কায়েম। এ সময় ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তার বলেন, ‘আভাস’–এর প্রথম সংখ্যায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক লেখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সংখ্যাগুলোতে জুলাইয়ের বিষয়সহ সাহিত্যের অন্যান্য দিককে প্রাধান্য দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
পত্রিকাটির প্রকাশে বিলম্বের কারণ ব্যাখ্যা করে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, এটি আরও আগেই প্রকাশের পরিকল্পনা ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না পাওয়ায় প্রকাশনা পিছিয়ে যায়। পরে ব্যক্তিগত ও বেসরকারি উৎস থেকে অর্থের ব্যবস্থা করে পত্রিকাটি প্রকাশ করা হয়।
তিনি জানান, ‘আভাস’–এর বাকি দুই সংখ্যাও শিগগির প্রকাশের আশা রয়েছে। বর্তমানে ডাকসু থেকে শিক্ষার্থীরা পত্রিকাটি সংগ্রহ করতে পারবেন। ভবিষ্যতে রকমারি ডটকমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এটি পাওয়া যাবে।
ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, সাহিত্য পত্রিকা প্রকাশ ডাকসুর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। পত্রিকাটি প্রকাশ করতে পারায় তিনি আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পত্রিকা পড়ার পাশাপাশি নিয়মিত লেখালেখিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আভাস’–এ অনেক শিক্ষার্থীর লেখা প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে আরও লেখালেখিতে উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডাকসুর জিএস এস এম ফাহাদ বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির চর্চাও গুরুত্বপূর্ণ। কারণ সাহিত্যের মাধ্যমেই একটি সময়ের চিন্তা, কাজ ও অভিজ্ঞতা দীর্ঘদিন সংরক্ষিত থাকে। তিনি পত্রিকাটির ধারাবাহিকতা কামনা করেন।
ডাকসুর ভিপি সাদিক কায়েম জানান, ‘আভাস’–এর জন্য প্রায় ছয় শতাধিক লেখা জমা পড়েছিল। সেখান থেকে বাছাই করে প্রথম সংখ্যায় কিছু লেখা প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীরা বিপুল আগ্রহ নিয়ে লেখাগুলো জমা দিয়েছেন এবং ডাকসুর পক্ষ থেকে সর্বোচ্চ সুন্দরভাবে প্রকাশনাটি প্রকাশের চেষ্টা করা হয়েছে।
ডাকসুর বরাদ্দ প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ডাকসুকে তেমন কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এরপরও প্রায় ২০টি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে এবং এরই মধ্যে কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থী ও ডাকসুর কার্যক্রমে বাধা বা অসহযোগিতা থাকলেও তারা কাজ চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের দেওয়া জনরায় বাস্তবায়নে ডাকসু ভবিষ্যতেও কাজ করে যাবে বলে জানান তিনি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার